প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত তালতলী থানার শরিফুল ইসলাম

বরগুনা, ১৫ জুন: বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম। সোমবার (১৫ জুন) দুপুরে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, মামলা তদন্তে দক্ষতা, বিচার কার্যক্রমে সহায়তা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শরিফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়। তবে বিপদে-আপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের জনগণের কল্যাণে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সম্মাননা গ্রহণের পর শরিফুল ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার মহোদয়ের দেওয়া এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তালতলী উপজেলাকে মাদকসহ সব ধরনের অপরাধমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ স্বীকৃতির জন্য আমি জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”
পুলিশের দায়িত্বশীল ও সেবামুখী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered