প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
দেশের ১০ জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

ঢাকা, ১৬ জুন: দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
গত মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। এ লক্ষ্যে নতুন করে ১০টি জেলায় রেলসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে রেল যোগাযোগের আওতায় আসতে পারে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা। মন্ত্রী মহোদয় জানান, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৬৪টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার কাজ করছে। এ বিষয়ে সম্ভাব্য রেললাইন ও প্রকল্পের প্রাথমিক উপস্থাপনাও সম্পন্ন হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের পাশাপাশি টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঢাকা-কুমিল্লা কর্ড লাইনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে, যা চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে রেললাইন, লোকোমোটিভ ও বগি সংগ্রহের কাজ সমন্বিত প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে, যাতে নতুন রেললাইন নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়।
দক্ষিণাঞ্চলের জেলা বরগুনাসহ সম্ভাব্য নতুন রেল সংযোগপ্রাপ্ত এলাকাগুলোর জন্য এ ঘোষণা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered