প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
বরগুনায় ব্র্যাকের চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বরগুনা সদর উপজেলা ব্র্যাক অফিসে ভিশন বাংলাদেশ প্রোজেক্টের আওতায়, বরগুনা ইসলামী চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। এ সময় ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আজিজ।
আয়োজকরা জানান, গরিব, প্রতিবন্ধী, কৃষক, প্রবীণ ব্যক্তি, স্বামী পরিত্যক্ত ও বিধবা নারী এবং শিশু রোগীদের অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে অর্ধশতাধিক মানুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং এর মধ্যে ৯জন ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নির্বাচিত রোগীদের জন্য স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ রাখা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ তুহিন আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ রাজ্জাক শেখ, ইসলামি চক্ষু হাসপাতাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ তুহিন আলম বলেন, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, ব্র্যাকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা এবং ছানি অপারেশনের ব্যবস্থা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একসঙ্গে কাজ করলে জনসেবার পরিধি আরও বিস্তৃত হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered