প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
বরগুনায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ও মুরগির ফার্মে অগ্নিসংযোগ: লুটপাট, আহত ১

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধূপতী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক বিধবার বসতবাড়ি, রান্নাঘর ও মুরগির খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এই বর্বরোচিত ঘটনায় বসতবাড়ি পুড়ে ছাই হওয়ার পাশাপাশি খামারের মুরগি লুটপাট এবং বাধা দিতে গিয়ে এক যুবক গুরুতর জখম হয়েছেন।
গত সোমবার (৮ জুন, ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আকলিমা (৫২) বরগুনা সাব-রেজিস্ট্রি অফিসের ১/১২/২০২৩ তারিখের রেজিস্ট্রিকৃত ৮৪৮৪ নং সাফ-কবলা দলিল মূলে জমির মালিক হয়ে পূর্ব ধূপতী গ্রামে বসতবাড়ি, পুকুর ও মুরগির খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। স্থানীয় একটি সন্ত্রাসী চক্র পূর্ব শত্রুতার জেরে তাঁর ওপর এই হামলা চালায়।
এই ঘটনায় ভুক্তভোগী আকলিমা বাদী হয়ে বরগুনার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা (মামলা নং /২০২৬) দায়ের করেছেন। আসামিদের বিবরণ: মামলায় মো: সজিব (২৫), মো: কামাল (৩৫), মো: শামীম (২৮), মো: হাপত খলিফা (৫০) এবং মো: আউয়াল খলিফা (৫০)-সহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৬/৪০৬/৩৭৯/৩০৭/৩২৩/৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা অগ্নিসংযোগ, লুটপাট, মারাত্মক জখম ও ভাঙচুরের সাথে সম্পৃক্ত।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered