প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু:

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল চন্দ্র শীল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কাইমুদাফাত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পরিমল চন্দ্র শীল কাইমুদাফাত এলাকার বাসিন্দা এবং প্রয়াত প্রফুল্ল চন্দ্র শীলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে গরু বাঁধার জন্য বিলে যান পরিমল চন্দ্র শীল। এ সময় একটি টানা তারে বিদ্যুতের মূল লাইনের সংযোগ থাকায় অসাবধানতাবশত তিনি তারটিতে স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে সাহায্য চান।
নিহতের ভাতিজা সুব্রত চন্দ্র শীল জানান, চাচার চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন তিনি বিদ্যুতায়িত তারে আটকে আছেন। পরে বাঁশ দিয়ে তারটি সরিয়ে কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered