প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
ট্রাকচাপায় বরগুনার এক দম্পতি: গৃহবধূ নিহত; চালক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় ট্রাকচাপায় মাশরুফা খানম (২৩) নামে বরগুনার এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহত মাশরুফা খানম বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার বাসিন্দা। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মাশরুফা খানম সড়কে ছিটকে পড়ে যান। পরে ট্রাকটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered