প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
ঈদের ছুটিতে মুখর বরগুনার পর্যটন কেন্দ্র, পর্যটকদের উপচে পড়া ভিড়

বরগুনা প্রতিনিধি: ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে বরগুনার সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল ও দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণপিপাসুদের ভিড় বেড়েছে, যা স্থানীয় পর্যটন শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।
পবিত্র ঈদুল আজহার টানা দীর্ঘ ছুটিতে উপকূলীয় জেলা বরগুনার পর্যটন কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের দিন থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ, স্থানীয় বাসিন্দা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলার সমুদ্র সৈকত, নদীতীর ও বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকদের এই বাড়তি উপস্থিতিতে হোটেল-মোটেল ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
পাথরঘাটার বিষখালী নদীর তীরে অবস্থিত নীলিমা পয়েন্টে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে শত শত মানুষ সেখানে ভিড় করছেন। পাশাপাশি হরিণঘাটা ইকোপার্কে সাগরের কোল ঘেঁষা প্রাকৃতিক পরিবেশ ও কাঠের ফুট ট্রেইলে সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। এছাড়া তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ও টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলেও পর্যটকদের ব্যাপক সমাগম দেখা গেছে।
বরগুনা জেলা পর্যটন শিল্প উদ্যোক্তা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ পরিবেশের কারণে প্রতি বছরই বরগুনায় পর্যটকদের আগ্রহ বাড়ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা হলে বরগুনা দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পর্যটন স্পটে বিশেষ নজরদারি জোরদার করেছে। প্রশাসনের এমন তৎপরতায় উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ছুটি উপভোগ করছেন আগত পর্যটকরা।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন