প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস্য

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ওহাব নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব (৬০) মারা গেছেন। গত সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘটখালী গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ঘটখালী এলাকায় বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত মো. ওহাব চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টায় তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও আমতলী সিপিপির উপ-পরিচালক মো. আসাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন